শিগগিরই হচ্ছে নতুন দুই বিভাগ ও দুটি উপজেলা

সরকার ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ গঠনের পথে রয়েছে। সেই সঙ্গে কুমিল্লার মুরাদনগর ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন দুটি উপজেলা গঠনের প্রস্তাবও প্রায় চূড়ান্ত। বিষয়টি আগামী মাসে নিকার বৈঠকে চূড়ান্ত হতে পারে।
প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লার নামেই নতুন দুটি বিভাগ এবং নতুন দুটি উপজেলার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন বিভাগের প্রস্তাবিত জেলা:
ফরিদপুর বিভাগ: ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর।
কুমিল্লা বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী।
বর্তমানে দেশে ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগ হিসেবে উন্নীত করা হয়েছিল।
নতুন উপজেলা প্রস্তাব:
বাঙ্গরা উপজেলা: মুরাদনগরের বাঙ্গরা থানার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে।
ফটিকছড়ি উত্তর: ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন এই উপজেলা গঠন করা হবে।
উল্লেখ্য, ২০২২ সালে ‘পদ্মা বিভাগ’ ও ‘মেঘনা বিভাগ’ প্রস্তাব উঠে আসলেও অর্থনৈতিক সংকটের কারণে তা স্থগিত হয়েছিল।
সাবেক এক সচিব জানান, নতুন বিভাগ গঠিত হলে কিছু প্রশাসনিক পদ সৃষ্টি হবে, কিন্তু জনগণের খরচও বাড়বে। অন্যদিকে স্থানীয় রাজনীতিকরা নতুন প্রকল্পের সুযোগ পাবেন। তিনি বলেন, “মন্ত্রিপরিষদ বিভাগ এক ঘণ্টার নোটিশে ৬৪ জেলার ডিসিদের সঙ্গে অনলাইনে বৈঠক করতে পারে। এই সময়ে নতুন বিভাগ বাড়ানো অযৌক্তিক।”
ভোরের আকাশ/হ.র