সীমান্তে নজরদারি জোরদার করল বিজিবি

ঈদের ছুটিতে চামড়া পাচার ও চোরাচালান রোধে সীমান্তে টহল জোরদার করেছে বাংলাদেশ সীমান্তবল (বিজিবি)। পাশাপাশি ভারত থেকে অবৈধভাবে কেউ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারেও কড়া নজরদারি করা হচ্ছে।
রাঙামাটির লংগদু রাজনগর বিজিবি সদর দপ্তরের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হাসান বলেন, ঈদ মৌসুমে সীমান্তে অপরাধ বাড়ার সম্ভাবনা থাকে, তাই বিজিবি টহল আরও বৃদ্ধি করেছে।
সাতক্ষীরা সীমান্তেও চামড়া পাচার রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। মেহেপুর সীমান্তে সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। খাগড়াছড়ি সীমান্তে টহল বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।
রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক জানান, পুশ-ইন এবং কুরবানির চামড়া ভারত যাওয়া আটকাতে সর্বোচ্চ সতর্কতা রয়েছে। রাজশাহী সীমান্ত দিয়ে এখনও পুশ-ইন হয়নি। তবে দেশের অন্যান্য স্থানে কিছু বিক্ষিপ্ত পুশ-ইন ঘটলেও বিজিবি বিএসএফের সঙ্গে পতাক বৈঠক ও লিখিত প্রতিবাদের মাধ্যমে তা প্রতিহত করছে।
দিনাজপুর সদর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, কোরবানি ঈদে দেশীয় খামারিদের ক্ষতি না হয়, সেজন্য ভারত থেকে গরু অবৈধভাবে আসা রোধে বিজিবি সজাগ রয়েছে। এছাড়া চামড়া পাচার বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে। সম্প্রতি সদর ব্যাটালিয়নের অধীন এলাকা দিয়ে ৫৭ জনকে পুশ-ইন করা হয়, যা নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
তিনি আরও জানান, মাদক পাচার রোধ, সীমান্ত ও অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং ঈদের জামাত নিরাপদ ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও সচেষ্ট। দেশের সার্বিক নিরাপত্তায় বিজিবির পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন।
ভোরের আকাশ/হ.র