গাজার পথে শহিদুল আলম, হাতে লাল-সবুজের পতাকা

বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম গাজার উদ্দেশে যাত্রা শুরু করেছেন। মানবিক সহায়তা বহনকারী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সদস্য হিসেবে তিনি ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন।
বুধবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্টে এ তথ্য জানান শহিদুল আলম। পোস্টে তিনি বাংলাদেশের পতাকা হাতে নিজের ছবি শেয়ার করেন। তার পরিহিত পাঞ্জাবিতে ছিল শহীদ আবু সাঈদের প্রতিচ্ছবি।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৪০টিরও বেশি বেসামরিক নৌযান ও জাহাজ নিয়ে গঠিত এই বহরে রয়েছেন প্রায় ৫০০ জন যাত্রী। তাদের মধ্যে আছেন সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী ও বিভিন্ন দেশের নাগরিক সমাজের প্রতিনিধি। বহরের নেতৃত্ব দিচ্ছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। এর মধ্যে শহিদুল আলম একমাত্র বাংলাদেশি প্রতিনিধি।
সর্বশেষ খবর অনুযায়ী, নৌবহরটি যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ১১৮ মাইল দূরে অবস্থান করছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে বহর ডুবিয়ে দেওয়ার হুমকির কারণে গাজায় পৌঁছানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বুধবার সন্ধ্যার আরেক পোস্টে শহিদুল আলম লেখেন, “আমার ‘ড্রোন ওয়াচ’ দেখাচ্ছে— আরও এক ঘণ্টা সতর্ক অবস্থায় থাকতে হবে। এর আগে একটি তুর্কি জাহাজ নজরে এসেছে, তবে আপাতত বিপজ্জনক কিছু ঘটেনি।”
ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। ইতালি ও গ্রিসের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল যেন নৌবহরের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে এবং কনস্যুলার সুরক্ষা প্রদান করে।
গত ২৭ সেপ্টেম্বর ঢাকার শুক্রাবাদে দৃকপাঠ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শহিদুল আলম ঘোষণা দেন, গাজার নৃশংসতা নিয়ে ইসরায়েলি গণমাধ্যমের নীরবতা ভাঙতে তিনি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) আয়োজিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশ নেবেন। এর পরদিন তিনি ইতালির উদ্দেশে রওনা দেন এবং বর্তমানে রয়েছেন গাজার পথে।
ভোরের আকাশ// হর