বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বিদেশ সফরে গিয়ে কোনো সংসদ সদস্য বাংলাদেশ মিশন পরিদর্শন করতে কিংবা কোনো অনুষ্ঠান বা বৈঠকে যোগ দেওয়ার ক্ষেত্রে দূতাবাস বা হাই কমিশনের সহযোগিতা চাইলে, তার অনুমোদন নিতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে।
বিদেশে বাংলাদেশের সব রাষ্ট্রদূত ও হাই কমিশনারের কাছে রোববার (২৯ সেপ্টেম্বর) পাঠানো এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের প্রধান মো. নুরল ইসলামের সইয়ে ওই বার্তা পাঠানো হয়।
এতে বলা হয়, এটা পর্যবেক্ষণ করা যাচ্ছে যে, সংসদ সদস্যরা বিদেশ সফরে গিয়ে প্রায়শ বিদেশে বাংলাদেশ মিশন পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেন বা স্থানীয় সরকারের কর্মকর্তা বা বেসরকারি পর্যায়ের প্রতিনিধিদেরর সঙ্গে বৈঠক বা অনুষ্ঠান আয়োজনের জন্য চ্যান্সারি ব্যবহারের অনুরোধ করেন। এটা সিদ্ধান্ত হয়েছে যে, এখন থেকে এই ধরনের অনুরোধগুলো অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যেতে হবে।
সংসদ সদস্যের কেউ এমন কর্মসূচির বিষয়ে দূতাবাসের দ্বারস্থ হলে তাদেরকে এ সিদ্ধান্তের বিষয় জানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে ওই বার্তায়।
বার্তায় বলা হয়, এমতাবস্থায় সফরকারী সংসদ সদস্যদের কর্মসূচি আয়োজনের আগে এই সিদ্ধান্ত অনুসরণের জন্য সব মিশন প্রধানকে অনুরোধ করা যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন, মন্ত্রীদের সফরের ক্ষেত্রে দূতাবাস বা হাই কমিশন এমনিতে জড়িত থাকে। কিন্তু সংসদ সদস্যদের কর্মসূচি নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব বা জটিলতা তৈরি হয়।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রায়শ সংসদ সদস্যরা ব্যক্তিগত সফরে কিংবা চিকিৎসার জন্য বিভিন্ন দেশে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অনুষ্ঠান আয়োজন করতে চান। তার সঙ্গে যুক্ত হতে গিয়ে দূতাবাসকে হিমশিম খেতে হয়।
সেই কারণে সংসদ সদস্যদের কর্মসূচির আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হলে ‘সবার জন্যই সুবিধাজনক’ হওয়ার কথা বলছেন তারা।
ভোরের আকাশ/এনএস