বন্যা-ভূমিধসে প্রাণহানিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে ড. খলিলুরের ফোন

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এ শোক প্রকাশ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, এ কঠিন সময়ে বাংলাদেশ নেপালের জনগণের পাশে রয়েছে।
তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের জন্য বাংলাদেশের মানুষের দোয়া ও প্রার্থনার কথা জানান।
আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, এখন পর্যন্ত নেপালের বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে এ ধরনের কোনো দুঃখজনক ঘটনা জানা গেলে বাংলাদেশ সরকারকে জানানোর ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য নেপাল সরকারের সহায়তা কামনা করেন তিনি।
ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এ দুঃসময়ে নেপালের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন।
নেপালের প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
এসময় নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল কঠিন সময়ে বাংলাদেশের সংহতি ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, নেপালের কর্তৃপক্ষ এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। পরিস্থিতির পূর্ণ মূল্যায়নের পর প্রয়োজনীয় সহায়তার বিষয়ে বাংলাদেশকে জানানো হবে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের কাছে ব্যক্তিগত শোকবার্তাও পৌঁছে দেন।
বুধবার (২৬ আগস্ট) নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ভয়াবহ বন্যায় এখনো পর্যন্ত ১৬২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ৪০৩ জন।
নেপাল পর্যটন বোর্ডের তথ্যমতে, নিখোঁজ ৪০৩ জনের মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক। তাদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ।
ভোরের আকাশ/জেআ