সরকারের পাশাপাশি ব্যবসায়ীরাও দুর্যোগ মোকাবিলায় বড় শক্তি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্যোগের এই কঠিন সময়ে সরকারের পাশাপাশি বেসরকারি খাত ও দেশের ব্যবসায়ী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। তামাকুমন্ডি লেইন বণিক সমিতি যেভাবে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে, তা মানবতার এক অনন্য দৃষ্টান্ত। তাদের এই উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
শুক্রবার (১৭ জুলাই) ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দুর্গত মানুষের মাঝে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যোগে খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও তামাকুমন্ডি লেইন বণিক সমিতির প্রধান উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, "সুখে-দুঃখে তামাকুমন্ডি লেইনের ব্যবসায়ীরা সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন এবং আছেন। ভবিষ্যতেও যেকোনো সামাজিক ও মানবিক সংকটে আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"
এ সময় তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সিনিয়র সভাপতি ফারুক আজম, সহসভাপতি সেলিম বজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মাহবুবুর রহমান, অ্যাডভোকেট শাহজাহান, মিনহাজ উদ্দিন, মিনহাজুল আবেদিন, নাজিম উদ্দীন, রেজাউল করিম, বোরহান উদ্দিন, মনসুর আলম, সাদ্দাম হোসেন, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম বিপ্লবসহ সমিতির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা