চিকিৎসকরা জুলাই গণঅভ্যুত্থানের নায়ক: প্রধান উপদেষ্টা

গণঅভ্যুত্থানের সময় আহতদের সেবায় যাঁরা দায়িত্ব পালন করেছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আপনারা কেবল চিকিৎসক নন, এই জুলাই বিপ্লবের অন্যতম নায়ক। আপনারা যেভাবে এই দুঃসময়ে সেবা দিয়েছেন, জাতি তা কোনোদিন ভুলবে না।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আহত আন্দোলনকারীদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মানে আয়োজিত ‘জুলাই স্মরণ অনুষ্ঠানে’ এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ড. ইউনূস।
বার্তার শুরুতেই প্রফেসর ইউনূস মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সেদিনের ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, জাতির জন্য এটি এক মর্মান্তিক ক্ষতি। যারা হাসপাতালে চিকিৎসাধীন, আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই দুর্ঘটনা আমাদের আবারও স্মরণ করিয়ে দেয়, চিকিৎসা পেশার বিশাল দায়িত্ব ও মানবিক মূল্যবোধ। যখন চারদিকে কান্না আর আতঙ্ক, তখন আপনাদের সেবা আমাদের একমাত্র আশার আলো।
তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্রে যেমন আহতদের চিকিৎসা বন্ধ করা যায় না, তেমনি চলমান আন্দোলনের সময়ও সেই নীতির ব্যত্যয় হওয়া উচিত নয়। কিন্তু ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আমরা সেই ব্যতিক্রমই দেখেছি’ বলেন তিনি। তাঁর ভাষায়, ফ্যাসিবাদী সরকার শুধু গুলি চালিয়েই থেমে থাকেনি, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যেন কেউ চিকিৎসা না পায়।
চিকিৎসকদের সাহসিকতা ও আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, আমাদের চিকিৎসকদের সেই সময়কার ভূমিকা কোনও যুদ্ধক্ষেত্রের চিকিৎসকদের সাহসকেও হার মানায়। যখন রাস্তায় রক্তাক্ত ছাত্রদের হাসপাতালে এনে ফের হামলা চালানো হয়েছে, ডাক্তার-নার্সদের হুমকি দেওয়া হয়েছে—তখনও আপনারা পিছু হটেননি।
প্রধান উপদেষ্টা বলেন, আহতদের জন্য রক্তের সংকট ছিল, প্রশাসনের রক্তচক্ষু এড়িয়ে আপনারা রক্তের ব্যবস্থা করেছেন। আহতদের পরিচয় গোপন রাখতে ব্যবস্থাপত্রে অন্য নাম, অন্য রোগ লিখে তাদের পুলিশের কাছ থেকে আড়াল করেছেন। প্রাইভেট ডাক্তাররা প্রশাসনের চোখ এড়িয়ে হাসপাতালে গিয়ে গোপনে চিকিৎসা দিয়েছেন। রক্ত দেওয়ার সরঞ্জামের সরবরাহ ছিল না, আপনারা নিজেরাই এগুলো ব্যবস্থা করেছেন। এন্টিবায়োটিক, ব্যথানাশক ওষুধ আপনারা নিজেরাই সরবরাহ করেছেন।
ভোরের আকাশ/এসএইচ