ভারতে থাকা কোনো রোহিঙ্গাকে গ্রহণ করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারতে থাকা কোনো রোহিঙ্গাকে গ্রহণ করা হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৬ জুলাই) দুপুর পৌনে ১২টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে র্যাব-১১ এর কার্যালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, ভারত যেভাবে পুশ ইন করছে তা নিন্দনীয়।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অনেক মামলায় অগনিত ব্যক্তিদের উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে। এজন্য মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে।
তিনি আরও বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানি না হয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে।
এ সময় অভ্যুত্থানের মামলাগুলোর সুষ্ঠু তদন্ত করে অভিযোগপত্র দাখিল করা হবে বলেও জানান তিনি।
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রসহ সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী তৎপর রয়েছে।
এদিকে মোহাম্মদপুরের আলোচিত ছিনতাইয়ের ঘটনার বিষয়ে উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত চারজনকে শনাক্ত করা হয়েছে। যার মধ্যে তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি ফোনও উদ্ধার করা হয়েছে। এই ঘটনার জন্য একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। দোষীদের ছাড় দেওয়া হবে না। পাশাপাশি কেউ যদি এই ঘটনাকে অবহেলা করে থাকে তাকেও শাস্তির আওতায় আনা হবে।
এ সময় উপদেষ্টার সঙ্গে র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, র্যাব-১১ ভারপ্রাপ্ত অধিনায়ক (সিও) এডি. ডিআইজি মোশারফ হোসেন ভূঁইয়া, উপ অধিনায়ক মেজর অনাবিল ইমাম, অপস অফিস সিনিয়র এএসপি গোলাম মোর্শেদসহ বিভিন্ন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ