আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনের চট্টগ্রাম ও কক্সবাজার সফরে আগামী ৯ আগস্ট হাটহাজারীর ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম (হাটহাজারী) মাদরাসা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। এ সময় তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর কবর জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন কর্মসূচি শেষে তিনি হাটহাজারী মাদরাসায় পৌঁছে আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর কবর জিয়ারত করবেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।
এর আগে প্রধানমন্ত্রী ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা পরিদর্শন করবেন। সেখানে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আল্লামা শাহ আহমদ শফী (রহ.) দেশের কওমি অঙ্গনের অন্যতম শীর্ষ আলেম ও শিক্ষাবিদ ছিলেন। প্রায় সাড়ে তিন দশক তিনি দেশের বৃহত্তম কওমি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম, হাটহাজারী-এর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির হিসেবেও দায়িত্ব পালন করেন। ইসলাম, কওমি শিক্ষা এবং বিভিন্ন সামাজিক-ধর্মীয় ইস্যুতে তাঁর ভূমিকা দেশের ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোচিত। ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন এবং হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণেই তাঁকে দাফন করা হয়। এরপর থেকে দেশ-বিদেশের আলেম, রাজনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর কবর জিয়ারত করে থাকেন।
ভোরের আকাশ/এনএ