কাল আসছে নতুন বাজেট, শুরু হলো বাজেট অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। আজ বুধবার (২৪ জুন) বিকেল ৩টা ২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে সংসদ ভবনের সভাকক্ষে এ অধিবেশন পুনরায় শুরু হয়। এটি চলতি ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন।
অধিবেশনের শুরুতে স্পিকার সংসদ সদস্যদের স্বাগত জানান এবং চলতি অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী (প্যানেল চেয়ারম্যান) মনোনয়ন দেন। এরপর রেওয়াজ অনুযায়ী সদ্যপ্রয়াত বিশিষ্ট ব্যক্তিবর্গের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে প্রয়াতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে মোনাজাত করা হয় এবং সংসদ কক্ষের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংসদ সচিবালয় ও কার্যসূচি সূত্রে জানা গেছে, এই অধিবেশনের মূল আকর্ষণ হচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট। আগামীকাল ২৫ জুন (বৃহস্পতিবার) অর্থমন্ত্রী সংসদে নতুন অর্থবছরের এই বাজেট পেশ করবেন। এরপর প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে। সংসদ সদস্যরা দীর্ঘ আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ শেষে ৩০ জুনের মধ্যে এই বাজেট পাশ করবেন বলে আশা করা যাচ্ছে।
অর্থনৈতিক সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপের কারণে এবারের বাজেটটি সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্ব বহন করছে। বাজেট পেশ ও পাশ ছাড়াও এই অধিবেশনে বেশ কয়েকটি নতুন বিল উত্থাপন এবং সমসাময়িক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার কথা রয়েছে।
সংসদের বাজেট অধিবেশনকে কেন্দ্র করে শেরেবাংলা নগরস্থ সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সংসদ এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল ও অস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভোরের আকাশ/এনউব