নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত ফ্রান্স ও সুইজারল্যান্ডের দূতাবাস। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে দূতাবাস দুটি তাদের নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনন্দন জানিয়ে পোস্ট দেয়।
ফ্রান্স দূতাবাসের পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানানো হয়। এতে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তার দীর্ঘদিনের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
পোস্টে আরও বলা হয়, বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে ফ্রান্স দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সুইজারল্যান্ড দূতাবাসের পোস্টেও মির্জা ফখরুলকে অভিনন্দন জানানো হয়। দেশটির দূতাবাস বলেছে, দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশ-সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করে যেতে তারা আগ্রহী।
এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। পরে নির্বাচন কমিশন তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে।
ভোরের আকাশ/সু.পা