রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২, অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে একটি দেশীয় রিভলবার, চার রাউন্ড গুলি, ৬ হাজার ৩২৪ পিস ইয়াবা, ৩৩ পুরিয়া গাঁজা ও ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, ডিএমপির রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৫৬ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৩৩ জন, গুলশান বিভাগে ২৩ জন, উত্তরা বিভাগে ৫০ জন এবং গোয়েন্দা বিভাগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/সু.পা