যারা একসময় মজলুম ছিল তারা এখন জালিম হচ্ছে: তথ্য উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার একটি পরিষদ নয়, সব দলের সমর্থনেই এটি গঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, যারা নিজেরা একদিন মজলুম ছিল, তারা জামিন করাতে গেছে কেন? এরা যে মজলুম থেকে জালিম হচ্ছে, কেন সেটা হচ্ছে, ভাবতে হবে।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর বিস অডিটরিয়ামে ‘উইমেন ইন ডেমোক্রেসি’ আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি বলেন, অনেকে যদিও অন্তর্বর্তী সরকারকে প্রকৃত সরকার মনে করেন না, তবুও সব দলের সমর্থন থাকলে যেকোনো সমস্যারই সমাধান সম্ভব ছিল।
তিনি অভিযোগ করেন, নতুন প্রশাসন গঠনের আগে সরকারকে প্রথম আট মাস আন্দোলন–সংকটে ব্যস্ত থাকতে হয়, আর ঈদের পর আগের প্রশাসনিক কাঠামো আবার প্রভাব বিস্তার করে। তার মতে, অন্তর্বর্তী সরকারের অবস্থান অনেকটাই দোলাচলপূর্ণ—একদিকে হেললে অন্য দিকেও প্রভাব পড়ে—এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে।
তথ্য উপদেষ্টা বলেন, সরকারের সফলতার চেয়ে ব্যর্থতার দায় বেশি তাদের ওপরই বর্তায়, যাদের ওপর আস্থা রেখে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাই সবার ভূমিকা পর্যালোচনা করে একসঙ্গে সমাধানের পথ বের করতে হবে।
নারীদের নিরাপত্তা ও সাইবার বুলিং প্রসঙ্গে তিনি আরও বলেন, এসবের পেছনে রয়েছে সমাজের জমাটবদ্ধ চিন্তাভাবনা ও রাজনৈতিক সংস্কৃতির প্রভাব। তার দাবি, রাষ্ট্রীয় ফ্যাসিবাদের অবসান ঘটানো গেলেও সমাজে যে ধরনের ফ্যাসিবাদ রয়ে গেছে তা দূর করা এখনও সম্ভব হয়নি; সামাজিক বুলিংয়ের সমাধান আইন নয়, বরং সামাজিক আলোচনার মাধ্যমেই সম্ভব।
ভোরের আকাশ/এসএইচ