জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ আগামী ২১ জানুয়ারি। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে তপশিলের ঘোষণা প্রচারিত হয়।
সিইসি জানিয়েছেন, মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই-বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হবে।
সিইসি ভাষণে বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই আমাদের প্রধান লক্ষ্য। নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হয়েছে এবং পোস্টাল ভোট কার্যকর করা হয়েছে।
নির্বাচনের ব্যালট সম্পর্কে জানিয়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো, আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। এ দেশের ইতিহাসে প্রথমবার একদিনে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হয়।
অন্যদিকে বৃহস্পতিবার নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবন (ইসি) এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এর অংশ হিসেবে আগারগাঁওয়ের ইসি ভবনের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও টহল বৃদ্ধি এবং প্রবেশপথে কড়া তল্লাশির ব্যবস্থা নেওয়া হয়।
ভোরের আকাশ/এসএইচ