দগ্ধদের চিকিৎসায় ঢাকায় ভারতীয় বিশেষজ্ঞ মেডিকেল টিম

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধদের জরুরি চিকিৎসাসেবা দিতে ভারত থেকে একটি চার সদস্যের মেডিকেল টিম ঢাকায় এসেছে।
বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতীয় প্রতিনিধি দলে রয়েছেন দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদারজং হাসপাতালের দুইজন জ্যেষ্ঠ বার্ন ও প্লাস্টিক সার্জন এবং দুইজন অভিজ্ঞ নার্স। উল্লেখ্য, এই দুটি হাসপাতাল ভারতে সরকারি পর্যায়ের শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
চিকিৎসক দলটি বৃহস্পতিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দগ্ধ রোগীদের চিকিৎসার অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন।
এর আগে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দগ্ধদের চিকিৎসা সহায়তায় প্রয়োজনীয় রসদ ও প্রস্তুতি নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সদের একটি দল বাংলাদেশে পাঠানো হচ্ছে। তারা রোগীদের প্রাথমিক অবস্থা মূল্যায়ন করে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ভারতে স্থানান্তরের পরামর্শও দিতে পারেন। একই সঙ্গে, যদি পরিস্থিতি জটিল হয়, তবে অতিরিক্ত বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানোর বিষয়েও চিন্তা করা হচ্ছে।
ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের একজন কর্মকর্তা জানান, প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে যাবেন এবং দগ্ধদের অবস্থা যাচাই করবেন।
এর আগে, সোমবার (২১ জুলাই) দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স (সাবেক টুইটার) পোস্টে শোক প্রকাশ করেন। তিনি লেখেন, “ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তরুণ শিক্ষার্থীসহ প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে ভারত প্রস্তুত।”
ভোরের আকাশ//হ.র