নভেম্বরের মধ্যে রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা

দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আগামী নভেম্বরের মধ্যে এ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল পরীক্ষা ও ক্রিটিক্যালিটি পরীক্ষা সফলভাবে শুরু হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় ইউনিটে জ্বালানি লোডিং ও রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে প্রকল্পটির অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থাপিত তথ্যে এসব অগ্রগতির কথা জানানো হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সঙ্গে ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
প্রকল্পটির নিরাপত্তা ও প্রযুক্তিগত দিক তুলে ধরে বৈঠকে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৃতীয় প্রজন্মের আধুনিক প্রযুক্তিনির্ভর একটি বিদ্যুৎকেন্দ্র। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এবং বিশেষজ্ঞদের কঠোর তত্ত্বাবধানে প্রকল্পের প্রতিটি ধাপ বাস্তবায়ন করা হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের মূল্যায়নেও প্রকল্পটি সঠিক পথে এগোচ্ছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বিজ্ঞান ও প্রযুক্তি খাতের অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়েও বৈঠকে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে দেশের স্বাস্থ্য খাতে নিউক্লিয়ার মেডিসিনের সুবিধা জেলা পর্যায়ে সম্প্রসারণ এবং দেশের প্রথম গবেষণা জাহাজ নির্মাণের কাজ এগিয়ে নেওয়া।
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে স্কুল ও কলেজ পর্যায়ে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করা হয় বৈঠকে। পাশাপাশি, দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে কাজে লাগিয়ে বিদেশে রপ্তানি বাড়ানো এবং বৈদেশিক মুদ্রা অর্জনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ এ জেড এম রেজওয়ানুল হক, মো. আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কে এম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ ও মো. আব্দুল গফুর অংশ নেন।
এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হয়। সূত্র: বাসস
ভোরের আকাশ/সু.পা