কর্মক্ষেত্রের ঝুঁকি মোকাবিলায় এলজিইডির বিশেষ প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রকল্প (ক্রিম্প)-এর উদ্যোগে ‘পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৫ ও ৬ জুলাই রাজধানীর এলজিইডি সদর দপ্তরের আরডিইডি ভবনের ১২ তলার সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)-এর পরিচালক মো. আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মানবসম্পদ, পরিবেশ ও জেন্ডার শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ছয়ফুদ্দীন। কর্মশালার উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন ক্রিম্প প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক।
প্রধান প্রশিক্ষক হিসেবে কর্মশালায় প্রশিক্ষণ দেন কেএফডব্লিউ-এর পরামর্শক সেবাস্তিয়ান ফ্রাওনেট। এ সময় কেএফডব্লিউ-এর আরবান পোর্টফোলিও কো-অর্ডিনেটর শেখ তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থার গুরুত্ব, সম্ভাব্য ঝুঁকি শনাক্তকরণ, ঝুঁকি মূল্যায়ন ও নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতি মোকাবিলা, সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ব্যবহারিক অনুশীলন, অংশগ্রহণকারীদের উপস্থাপনা ও মতবিনিময়ের মাধ্যমে এসব বিষয় বাস্তবায়নের দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালায় ভোলা, বরগুনা ও সাতক্ষীরা জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী, ডিএসএম পরামর্শক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। এছাড়া ক্রিম্প ও ক্রিলিকের কর্মকর্তারাও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলাম বলেন, এলজিইডি দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাঠপর্যায়ে প্রকৌশলী ও শ্রমিকরা নানা ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি একটি নৈতিক ও পেশাগত দায়িত্ব।
তিনি আরও বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে হবে। অংশগ্রহণকারীরা নিজ নিজ কর্মস্থলের জন্য যে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক খসড়া কর্মপরিকল্পনা তৈরি করেছেন, তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাপনী অনুষ্ঠানে ডিএসএম পরামর্শক প্রতিষ্ঠানের ডেপুটি টিম লিডার মো. মোকসেদ আলম, প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ এবং গণমাধ্যম ও যোগাযোগ বিশেষজ্ঞ সৈয়দ মাহবুব আহসান উপস্থিত ছিলেন।