সাকিব আল হাসানের বিষয়ে চূড়ান্ত অবস্থান জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তৈরি বিতর্কের মধ্যে চূড়ান্ত অবস্থান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
সম্প্রতি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেওয়া সাকিবের ওই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে।
রবিবার রাত ১০টার দিকে আসিফ মাহমুদ নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’ যদিও সরাসরি কোনো নাম উল্লেখ করেননি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ইঙ্গিত সাকিব আল হাসানের দিকে ধরা হয়েছে।
এদিকে সোমবার সকালে আরেকটি ফেসবুক পোস্টে ক্রীড়া উপদেষ্টা সাকিবকে উদ্দেশ্য করে বলেছেন, ‘যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই উঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফিন্যানশিয়াল ফ্রড করা কাউকে শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন কেন করা হবে? আইন সবার জন্য সমান, আইনকে মোকাবেলা করুন।’
সাকিব আল হাসানও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ সময় রাত ১১:২০ মিনিটে নিজের ফেসবুকে লিখেছেন, ‘যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’
এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বার্তাগুলোতে স্পষ্ট হয়েছে যে সাকিব আল হাসানের পুনর্বাসন এবং জাতীয় দলের অংশ হিসেবে তার অবস্থান নিয়েই সরকারের কর্মকর্তারা ও ক্রীড়া উপদেষ্টা বিস্তারিত অবস্থান প্রকাশ করেছেন।
ভোরের আকাশ // হ.র