তাজুল ইসলাম
আমার বিরুদ্ধে ছড়ানো তথ্য ভিত্তিহীন ও জঘন্য মিথ্যাচার

চিফ প্রসিকিউটরের দায়িত্বে থাকাকালে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তার বিরুদ্ধে তোলা অভিযোগের পক্ষে সামান্যতম তথ্য-প্রমাণও কেউ দেখাতে পারবে না বলে দাবি করেছেন তাজুল ইসলাম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা গণমাধ্যমে পাঠানো লিখিত প্রতিবাদ বার্তায় তিনি বলেন, ‘সোমবার ও মঙ্গলবার কিছুসংখ্যক গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে আমার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের বরাতে কিছু বিদ্বেষপ্রসূত ও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এসব বক্তব্য জঘন্য মিথ্যাচার, তথ্য-প্রমাণবিহীন।’
তাজুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার দুরভিসন্ধি থেকে এসব করা হয়েছে। এসব বিদ্বেষপ্রসূত ও অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা।
আমি চ্যালেঞ্জ করছি, আমার ব্যাপারে আনীত এসব অভিযোগের স্বপক্ষে সামান্য তথ্য-প্রমাণও কেউ দেখাতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমি এবং প্রসিকিউশন টিমের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ ও আইনসম্মত।’
তিনি দাবি করেন, ‘পতিত স্বৈরাচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়া থেকে দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে সংগঠিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। যেন কোনোভাবে এ বিচার আর অগ্রসর না হতে পারে।’
এর আগে, ‘চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট’ এমন অভিযোগ তোলেন খোদ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ফেসবুকে এক আইনজীবীর মন্তব্যের ঘরে এ অভিযোগ করেন তিনি। তার এসব মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
ভোরের আকাশ/নি. ব