জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে তাঁরা পুষ্পস্তবক অর্পণ করবেন। প্রথমে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মন্ত্রিসভার সদস্যরা শ্রদ্ধা জানান।
এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে। বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং বৃক্ষরোপণ করেন।
এর আগে সকাল ১০টায় সাভারের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা। তাদের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করবেন।
শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে সচিবালয়ে যাবেন প্রধানমন্ত্রী এবং নির্ধারিত কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করবেন তিনি। প্রথমে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
ভোরের আকাশ/আ.র