ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার সুযোগ নেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ফলাফল ঘিরে বিতর্কের মধ্যে ভোট পুনর্গণনার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ফলাফলের গেজেট আজ বা কালকের মধ্যেই প্রকাশ করা হতে পারে।
তিনি জানান, কমিশনের বিধি অনুযায়ী ঢাকা-৮ আসনে পুনর্গণনার সুযোগ নেই। এ বিষয়ে কমিশন তাদের অবস্থান পরিষ্কার করেছে।
ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৪ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট।
ফল ঘোষণার পর সন্ধ্যা থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় প্রার্থীই রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জমা দিয়েছেন বলে জানা গেছে।
নির্বাচনের দিন রাত আড়াইটার দিকে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কমিশনের তত্ত্বাবধানে ভোট পুনর্গণনার দাবি জানান।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাতিল ভোটের সংখ্যা। এ আসনে মোট ২ হাজার ৪৯৭টি ভোট বাতিল হয়েছে। অভিযোগ উঠেছে, ব্যালট পেপারের একেবারে বাম পাশে ধানের শীষ প্রতীকের ঘর থাকায় পাশের ফাঁকা স্থানে অনেক ভোটার সিল দিয়েছেন, যা বিধিমালা অনুযায়ী বাতিল হিসেবে গণ্য হয়েছে।
এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রক্রিয়াগত সব ধাপ সম্পন্ন করে খুব শিগগিরই আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পর আইন অনুযায়ী পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া শুরু হবে।
ভোরের আকাশ/আ.র