ঝুঁকিপূর্ণ ভবন খুঁজে ব্যবস্থা নেবে রাজউক
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) শিগগিরই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বংশালের কসাইটুলীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবন পরিদর্শন শেষে এ ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
রাজউক চেয়ারম্যান বলেন, কসাইটুলীর ভবনটির রেলিং ভূমিকম্পে ভেঙে পড়লেও মালিক পক্ষ নকশা দেখাতে পারেননি। তিনি নির্দেশ দেন, আগামী সাত দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবনটি সিলগালা করা হবে।
এ সময় তিনি বিভিন্ন ভবনের সামনে অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদের নির্দেশ দিয়ে বলেন, পুরান ঢাকার শত বছরের পুরাতন ভবনের ঐতিহ্য রক্ষা করেই নতুন পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, যার উৎপত্তিস্থল নরসিংদী। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে সাড়ে চারশোর বেশি মানুষ।
ভোরের আকাশ/এসএইচ