ঈদের পর সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, রমজানের পর স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করা হবে।
রোববার (১ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন–এর মিডিয়া সেন্টারে রিপোর্টারস ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আশা করছি শিগগরিই অর্থাৎ রমজান মাসের পরপরই সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। তার আগে আমাদের উপ-নির্বাচন নির্বাচন রয়েছে; সেগুলোর তফসিল ঘোষণা করা হয়েছে। সেগুলোও যথাসময়ে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করার জন্য দায়বদ্ধ। আইন কি হবে সেটির দায় কমিশনের না। আইন করবে সংসদ। সংসদ নির্বাচন সংক্রান্ত যেসব আইন করবে সেই আইন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন আয়োজনের জন্য দায়বদ্ধ।
চলমান উপ-নির্বাচন নিয়ে ইসির তৎপরতার সম্পর্কে তিনি জানান, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কমিশন।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনে ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখবে বলেও জানান তিনি।
ভোরের আকাশ/এনএস