শুধু বেনজীরই নয়, গুম-খুনে জড়িত সব পুলিশের বিচার চান সরকারদলীয় এমপি

শুধু পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদই নন, আওয়ামী লীগ আমলে যেসব পুলিশ সদস্য বিরোধী দল বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, যারা গুম-খুন করেছিল তারা আজ কোথায়? শুধু বেনজীর আহমেদকে গ্রেফতার করলেই আমাদের দুঃখ-কষ্ট শেষ হবে না।
আরও যারা গুম-খুনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেককে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে বর্তমান সরকারি দল ও বিরোধী দলের অনেক নেতাকর্মী একইসঙ্গে জেল খেটেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের যেসব অনুসারী পুলিশ বাহিনীতে ছিল, বিশেষ করে ২০১৮ সালে যারা দায়িত্বে থেকে হাজার হাজার নেতাকর্মীকে গুম ও খুন করেছিল, তাদের কাউকেই ছাড় দেওয়া যাবে না।
রফিকুল আলম মজনু আরও বলেন, যারা ক্ষমতার অপব্যবহার করে মানুষের জীবন কেড়ে নিয়েছে বা পঙ্গু করে দিয়েছে, তাদের বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের নৈতিক দায়িত্ব।
তিনি পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
ভোরের আকাশ/ এনউব