৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২০ জুলাই) রাত পৌনে ১২টার দিকে পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত পরীক্ষায় মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৫১১ জন।
উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন বলে জানিয়েছে কমিশন।
পিএসসি সূত্রে জানা গেছে, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে সরকার মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে। এর মধ্যে ২ হাজার ৭০০ জনকে সহকারী সার্জন এবং ৩০০ জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে।
লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১৮ জুলাই, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। রাজধানীর ২৭টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন মোট ৪১ হাজার ২৫ জন প্রার্থী। তবে পরীক্ষার চূড়ান্ত উপস্থিতির সংখ্যা এখনও প্রকাশ করেনি পিএসসি।
ভোরের আকাশ//হ.র