সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন করার দাবি ডিআরইউ’র

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন নির্ধারণের দাবি জানিয়েছে।
রোববার (২৪ আগস্ট) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, অনেক গণমাধ্যম তাদের কর্মীদের ঠিকমতো বেতন দিচ্ছে না এবং সাংবাদিকদের জন্য কোনো নির্দিষ্ট বেতন কাঠামো নেই। দীর্ঘদিন ধরে ওয়েজ বোর্ড বাস্তবায়নের কথা বলা হলেও কার্যত তা হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বাড়ায় সাংবাদিকদের আর্থিক ও মানসিক চাপ বেড়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, একজন সাংবাদিক সকাল ৮টায় বাসা থেকে বের হয়ে রাত ১১টায় বাসায় ফেরেন। সাপ্তাহিক ছুটির কোনো নিশ্চিত ব্যবস্থা নেই। এর ফলে শারীরিক ও মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে। ডিআরইউ সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন নিশ্চিত করার দাবি জানাচ্ছে।
তারা সরকারের কাছে অনুরোধ জানিয়েছে, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠন দ্রুত কার্যকর করার পাশাপাশি সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন, রেডিও ও মাল্টিমিডিয়ায় অভিন্ন ওয়েজবোর্ড প্রণয়ন করতে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সম্প্রতি বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ ভাতা বাড়ানো হয়েছে। কিন্তু সাংবাদিকদের ওয়েজ বোর্ড দীর্ঘদিন ধরে ঝুলে আছে। সাংবাদিকদের প্রতি সুষ্ঠু বেতন ও সুবিধা নিশ্চিত না করে তাদের চাকরিচ্যুত করা যাবে না।
ভোরের আকাশ/হ.র