অনির্দিষ্টকালের গণছুটি ডাক পল্লী বিদ্যুৎ কর্মীদের, সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

চাকরিতে বৈষম্য দূরীকরণ, কাঠামোগত সংস্কার বাস্তবায়ন এবং শাস্তিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবি নিয়ে আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার।
তিনি অভিযোগ করেন, একাধিকবার আলোচনার নামে কমিটি গঠন হলেও বিদ্যুৎ মন্ত্রণালয় প্রতিশ্রুত সমাধান কার্যকর করেনি। বরং আন্দোলনে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বদলি, চাকরিচ্যুতি ও বরখাস্তের মতো সিদ্ধান্ত নিয়ে হয়রানি করা হচ্ছে, যা কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে।
সংবাদ সম্মেলনে আরও দাবি জানানো হয়—অন্যায়ভাবে চাকরিচ্যুতদের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিদ্যুৎ খাতসংশ্লিষ্টরা মনে করছেন, এ কর্মসূচি দীর্ঘমেয়াদি হলে গ্রামীণ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।
ভোরের আকাশ/হ.র