বাড়ছে পদ্মার পানি, ঝুঁকিতে চরাঞ্চল

পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করায় নদীর চর ও নিচু এলাকাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, পদ্মা নদীর পানি বন্যা বিপৎসীমার কাছাকাছি উচ্চতায় প্রবাহিত হতে শুরু করেছে। এতে চরাঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
মোস্তফা কামাল পলাশ লিখেছেন, ১০ সেপ্টেম্বরের সর্বশেষ নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী, ফারাক্কায় গঙ্গার পানির উচ্চতা ২৩ দশমিক ৭৫ মিটারে পৌঁছেছে। সেখানে স্থানীয় বিপৎসীমা ২২ দশমিক ২৫ মিটার। অর্থাৎ পানির উচ্চতা বিপৎসীমার প্রায় ১ দশমিক ৫০ মিটার ওপরে রয়েছে।
তিনি জানান, ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ব্যারাজের ১০৯টি গেটই খোলা রয়েছে। বর্তমানে সেখানে মোট পানিপ্রবাহ প্রায় ১৬ লাখ কিউসেক। এর মধ্যে প্রায় ৪০ হাজার কিউসেক পানি ফিডার খাল দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে ভারতের মুর্শিদাবাদের কয়েকটি নদীতীরবর্তী এলাকায় নতুন করে নদীভাঙন দেখা দিয়েছে।
মোস্তফা কামাল পলাশের দাবি, ফারাক্কা থেকে বাড়তি পানিপ্রবাহের প্রভাবে বাংলাদেশেও নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে।
তিনি আরও জানান, বর্তমান হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী এক থেকে দুই দিনের মধ্যে আরও চরাঞ্চল ও বসতবাড়িতে পানি প্রবেশ করতে পারে। এ অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর চরাঞ্চল এবং নিচু নদীতীরবর্তী এলাকাগুলোতে সবচেয়ে বেশি নজর রাখা প্রয়োজন।
ভোরের আকাশ/জেআ