শাপলা প্রতীক না দেওয়ার কারণ ব্যাখ্যা করা হবে না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, শাপলা প্রতীক প্রথমে নাগরিক ঐক্য চেয়েছিল, তাদের দেওয়া হয়নি। পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চেয়েছে, তাদেরও দেওয়া হয়নি। শাপলা প্রতীক কেন দেওয়া হবে না, তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, শাপলা প্রতীক প্রথমে নাগরিক ঐক্য চেয়েছিল, পরে জাতীয় নাগরিক পার্টিও তা দাবি করে। কিন্তু কাউকেই এই প্রতীক দেওয়া হয়নি। শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব এ ধরনের বক্তব্য নির্বাচন কমিশন হুমকি হিসেবে দেখছে। কমিশন কারও কথায় চলে না, বরং নিরপেক্ষভাবে কাজ করতে চায়।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নেই। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে।
ভোরের আকাশ/এসএইচ