দুবাই ভিসা নিষেধাজ্ঞা নিয়ে গুজব: যা জানাল বাংলাদেশ দূতাবাস

বাংলাদেশি নাগরিকদের ওপর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে—সাম্প্রতিক সময়ে এমন একটি খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে স্পষ্ট জানিয়েছে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, কিছু গণমাধ্যম “বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা জারি” শিরোনামে সংবাদ প্রকাশ করেছে, যা একটি ভুয়া ওয়েবসাইট ‘ইউএইভিসা অনলাইন ডটকম’ থেকে নেয়া হয়েছে। অথচ সংযুক্ত আরব আমিরাতের কোনো কর্তৃপক্ষ এমন কোনো সিদ্ধান্ত দেয়নি।
দূতাবাসের অনুসন্ধানে জানা গেছে—
- ওয়েবসাইটটির নিবন্ধন তথ্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে যুক্ত।
- কোম্পানির হেড অফিসের ঠিকানা দুবাইয়ে দেওয়া হলেও উল্লিখিত ভবন বা বাসা নম্বরের কোনো অস্তিত্ব নেই।
- গ্রাহকদের রিভিউতে দেখা যায়, বেশিরভাগ মানুষ অর্থনৈতিকভাবে প্রতারিত হওয়ার অভিযোগ করেছেন।
- দূতাবাসের পরামর্শ
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ইউএই কর্তৃপক্ষের পক্ষ থেকে ভিসা সংক্রান্ত এমন কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তাই দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের এসব ভুয়া তথ্য বা সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সংবাদ বা তথ্য প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীল হতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে দূতাবাস।
ভোরের আকাশ // হ.র