আজ ১২ দলের সঙ্গে ইসির সংলাপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপ করছে। রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংলাপের প্রথম পর্ব শুরু হবে, যা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, রোববার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ হবে। বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এই মতবিনিময় সভার আয়োজন করছে ইসি। গত বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে ১২টি দলের সঙ্গে দুই পর্বে মতবিনিময় করা হয়। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৫৩টি, যার মধ্যে রয়েছে বিএনপি ও জামায়াত। আওয়ামী লীগের নিবন্ধন বর্তমানে স্থগিত রয়েছে। এছাড়া প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।
নতুন দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, মার্কসবাদীর নিবন্ধন চূড়ান্ত করতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোনো আপত্তি না থাকলে ১২ নভেম্বরের পর সনদ পাওয়ার কথা তাদের।
ভোরের আকাশ/এসএইচ