এনআইডি আইন বাতিলসহ ৫ সুপারিশ ইসি কর্মকর্তাদের

‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ বাতিলসহ পাঁচ দফা সুপারিশ করেছে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। সেই সঙ্গে ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ ও দ্রুততম সময়ে জারি করার কথাও বলেছেন কর্মকর্তারা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এসব সুপারিশ তুলে ধরেন তারা। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের ৫ দফা সুপারিশ তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন।
সুপারিশগুলো হলো
১. নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ দ্রুত জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ।
২. জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নেতৃত্বে নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান।
৩. পদসৃজন, আপগ্রেডেশন ও প্রয়োজনীয় লজিস্টিকসহ প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ।
৪. জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের নিকট হস্তান্তর।
৫. আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ আয়োজন ও নির্বাচন প্রস্তুতিমূলক বিভিন্ন কমিটি গঠন।
ভোরের আকাশ/এসএইচ