দুর্গাপূজার নবমীতে রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার নবমীতে রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে তিনি মন্দিরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি রাম জীবন কুণ্ডু, রংপুর মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় ও সদস্যসচিব পলাশ কান্তি নাগ।
প্রধানমন্ত্রী পূজামণ্ডপে পুণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত নেড়ে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের শুভেচ্ছা জানান।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই তারেক রহমানের প্রথম রংপুর সফর।
এরপরে রাজশাহীর ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন শেষে হাজী মুহাম্মদ মুহসীন সরকারি স্কুল মাঠে জনসভায় ব্ক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এরপর যাবেন চট্টগ্রামে। সেখানে জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তারেক রহমান। তিন মহানগরে পূজামণ্ডপ দেখে রাতে ঢাকায় ফিরবেন।
তিন নগরে দিনব্যাপী এই সফরের জন্য সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
ভোরের আকাশ/জেআ