ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশের ঢাকা সফরসহ এশিয়ার পাঁচটি দেশে নির্ধারিত সফর বাতিল করেছেন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত হয়ে পড়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৩০ আগস্ট ঢাকায় দুই দিনের সফরে আসার কথা ছিল ইতালির প্রধানমন্ত্রীর। সফরে তার কন্যাকেও সঙ্গে আনার পরিকল্পনা ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে মেলোনির বৈঠক নির্ধারিত ছিল এবং এ উপলক্ষে ঢাকায় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল।
কূটনৈতিক সূত্র বলছে, কেবল ঢাকা নয়, ইতালির প্রধানমন্ত্রী তার পুরো এশিয়া সফর বাতিল করেছেন। সফর পরিকল্পনা অনুযায়ী তিনি বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফরে যাওয়ার কথা ছিল।
কূটনীতিকদের মতে, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটো মিত্রদের ভূমিকা এখন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষাপটেই এশিয়া সফরের বদলে মেলোনি ইউরোপকেন্দ্রিক কূটনৈতিক তৎপরতায় বেশি গুরুত্ব দিচ্ছেন।
ভোরের আকাশ/হ.র