দুদক চেয়ারম্যানের পিএস পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার অনুরোধ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, মহাপরিচালক বা বিভিন্ন কর্মকর্তার পরিচয়ে মামলা থেকে অব্যাহতির প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা আগেও ঘটেছে। এবার দুদক চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) মো. সাইফুল ইসলামের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রতারক চক্র সাইফুল ইসলামের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি, এমনকি সাবেক কয়েকজন সচিবকেও ফোন করছে। মামলা বা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে ০১৬০২১২৪৮৪৭ নম্বর থেকে এসব ফোনকল করা হচ্ছে।
দুদক স্পষ্ট করেছে—সংস্থার কোনো কর্মকর্তা কখনোই ফোনে টাকা চাইবেন না। প্রতারণামূলক ফোন কল, বার্তা বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে টাকা দাবি করা হলে কিংবা কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে দুদকের টোল-ফ্রি হটলাইন ১০৬-এ জানাতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।
ভোরের আকাশ // হ.র