টানা তিন দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা

সাপ্তাহিক ছুটির সঙ্গে যোগ হয়ে পবিত্র আশুরার সরকারি ছুটির কারণে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন দেশের সরকারি চাকরিজীবীরা। তবে এই ছুটি কার্যকর হবে না জরুরি পরিষেবা সংশ্লিষ্ট কর্মীদের জন্য।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী রোববার (৬ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে শুক্রবার (৪ জুলাই) ও শনিবার (৫ জুলাই) যথাক্রমে সাপ্তাহিক ছুটি থাকায় তিন দিনব্যাপী ছুটিতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এই টানা ছুটিতে বন্ধ থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তর। একইসঙ্গে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। এছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও এই সময়ে বন্ধ থাকবে।
তবে হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, টেলিযোগাযোগ, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ সরকারি-বেসরকারি জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো যথারীতি খোলা থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পবিত্র আশুরা মুসলিম ধর্মাবলম্বীদের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালনে সরকারি ছুটি দিয়ে থাকে বাংলাদেশ সরকার।
ভোরের আকাশ//হ.র