বই ছাপাতে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, এনসিটিবিতে দুদকের অভিযান

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিনামূল্যে পাঠ্যবই ছাপানোর কাজে গোপনীয় দর ফাঁস, সিন্ডিকেট গঠন এবং প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (০৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম ঢাকার মতিঝিলে অবস্থিত এনসিটিবি কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুদক টিম অভিযোগের সত্যতা ও ভয়াবহতা যাচাইয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করে। এর মধ্যে রয়েছে প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্য তালিকা এবং এনসিটিবির ৪২৩তম বোর্ড সভার কার্যবিবরণীসহ অন্যান্য প্রয়োজনীয় রেকর্ডপত্র।
দুদক সূত্রে জানা গেছে, সংগৃহীত রেকর্ডপত্র ও নথিগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদনের আলোকেই পরবর্তীতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/এনএস