ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

মার্চের শুরুর দিকে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড. সামির পল কাপুর।
বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আজ তাঁর অফিসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা, অভিবাসনের মতো পারস্পরিক সহযোগিতার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে।
এর পাশাপাশি আগামী মার্চের শুরুতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়েছে ড.খলিলুর রহমান ও ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠকে, এমনটাই জানানো হয়েছে বিবৃতিতে।
ভারতীয় বাবা ও মার্কিন মায়ের সন্তান ড. সামির পল কাপুরের জন্ম ভারতের দিল্লিতে। ম্যাচাচুসেটসের অ্যামহার্স্ট কলেজ থেকে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করা পল কাপুর পিএইচডি করেছেন ইউনিভার্সিটি অব শিকাগোতে।
গত বছরের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার প্রায় আট মাস পর অক্টোবরে ‘অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেইট ফর সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স’ পদে দায়িত্ব নেন পল কাপুর, যে দায়িত্ব এর আগে পালন করেছেন ডোনাল্ড লু।
ভোরের আকাশ/নি. ব