স্বাধীনতা পুরস্কারের মনোনয়ন চেয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা

‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’-এর জন্য যোগ্য ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও সংস্থার মনোনয়ন প্রস্তাব পাঠাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকার নির্ধারিত ১৩টি ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হবে। আগামী ১ নভেম্বরের মধ্যে মনোনয়ন প্রস্তাব পাঠাতে হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) লিউজা-উল-জান্নাহ।
চিঠিতে বলা হয়েছে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা বা জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য যেকোনো ক্ষেত্রসহ মোট ১৩টি ক্ষেত্রে ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও সংস্থার গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’-এর মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়েছে।
এতে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ‘স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি’ অনুসরণ করে নির্ধারিত ছকে মনোনয়ন প্রস্তাব তৈরি করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং এর আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরতদের মধ্য থেকে যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের মনোনয়ন প্রস্তাব সংশ্লিষ্ট কাগজপত্রসহ পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে নির্ধারিত ছকে প্রস্তুত করা মনোনয়ন প্রস্তাবের ৩০ সেট আগামী ১ নভেম্বরের মধ্যে সমন্বয় শাখায় পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রস্তাবের হার্ডকপি ও সফটকপি নিকষ (Nikosh) ফন্টে পাঠাতে বলা হয়েছে।
সফটকপি ই-মেইলে ([email protected]) অথবা ডি-নথির মাধ্যমে পাঠানো যাবে। স্বাধীনতা পুরস্কারসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্ধারিত ছক মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, মনোনয়ন প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্রও জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
ভোরের আকাশ/এনএস