পুনরায় চালুর হচ্ছে ভারতীয় ভিসা

ভারতীয় ভিসা কার্যক্রম নিয়ে সুখবর দিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেট–এর সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস। তিনি জানিয়েছেন, বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।
তিনি বলেন, সাম্প্রতিক জটিলতা কাটিয়ে আবেদন গ্রহণ ও ভিসা ইস্যুর কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় প্রশাসনিক সমন্বয় শেষ হলেই আগের মতো নিয়মিত হারে ভিসা প্রদান শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনিরুদ্ধ দাস বলেন, ‘বর্তমানে মেডিক্যাল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা বন্ধ আছে। সেগুলো পুনরায় চালু করার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে।
সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরবে।’
বুধবার বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
গণ-অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে দেয় ভারত। মেডিক্যাল ভিসা ছাড়া প্রায় সব ভিসাই বন্ধ রয়েছে।
বাংলাদেশে নির্বাচিত সরকার গঠনের পর এখন ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হতে পারে বলে মনে করেন দুই দেশের নাগরিকরা।
ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ওপর প্রতিষ্ঠিত জানিয়ে অনিরুদ্ধ দাস বলেন, ‘দুই দেশের সাধারণ মানুষই হবে এই স্থিতিশীল, ইতিবাচক ও দীর্ঘমেয়াদি সম্পর্কের মূল অংশীদার। আমাদের চিন্তা-চেতনা ও সংস্কৃতি অতীতকাল থেকেই এক সুতোয় গাঁথা।’
ভোরের আকাশ/এনএস