ফোনে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। বিষয়টি আজ জানার পর ফোনকলে তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনিই সাক্ষাৎ শেষে বিষয়টি জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রী আমাদের আমির ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর শুনে কুশল জিজ্ঞেস করেন। এরপর তিনি ফোনে কথা বলার আগ্রহ প্রকাশ করলে আমি জামায়াত আমিরের কাছে ফোন দেই। পরে তিনি ফোনকলে আমিরে জামায়াতের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রীকে জামায়াত আমির ইফতারের দাওয়াত দেন বলেও উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, আমাদের আমির তাকে (প্রধানমন্ত্রীকে) সপরিবারে, তার স্ত্রী ও কন্যাকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। উভয়কেই আমরা দাওয়াতপত্র দিয়েছি। তিনি সেটা গ্রহণ করেছেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার কথা ছিল জামায়াতের আমির শফিকুর রহমানের। যাত্রাপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে আজ তার স্বাস্থ্যের পরিস্থিতি ভালো আছে। দুপুরে তিনি বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেন।
ভোরের আকাশ/এসএইচ