রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সাইফুল হকের

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সাইফুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন তার দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী।
সাক্ষাতে জাতীয় সংসদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান সাইফুল হক।
তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রের প্রধান অভিভাবক হিসেবে প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী ধারায় দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মির্জা ফখরুল তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন।
এসময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাদের ধন্যবাদ জানান এবং শ্রদ্ধার সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও দেশের গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীসহ দেশের জনগণের সাহসী ভূমিকার কথা স্মরণ করেন।
ভোরের আকাশ/এনএস