আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণে সরকারের উদ্যোগ

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের অর্থনৈতিক অবদানের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য এবং এ অবদানের স্বীকৃতি দেওয়া সরকারের দায়িত্ব। সেইসঙ্গে আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও তিনি ঘোষণা দেন।
মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
প্রধান উপদেষ্টা বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা প্রবাসীদের সঙ্গে নিয়মিত আলোচনা করছি, তাদের কথা শুনছি। অনেক অভিযোগ রয়েছে, যা যথার্থ। এসব সমস্যার সমাধানে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি এবং জটিলতা কমাতে পদক্ষেপ নিচ্ছি।”
পাসপোর্টসংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, প্রবাসীদের জন্য সরকারি সব সেবা সহজলভ্য করতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগ চালু করা হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির কাজও চলছে।
অর্থনীতি পুনরুদ্ধারে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা জানান, “দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তিদায়ক অবস্থায় এসেছে। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পেছনে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, “আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত এবং ইতোমধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছি। এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে কাজ চলছে। আশা করছি, এবার আপনাদের জন্য এটি হবে এক নতুন অভিজ্ঞতা—আপনারা সবাই ভোটার হবেন এবং ভোট দেবেন।”
সভায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে—দূতাবাসে জনবল বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা সুবিধা, অনিয়মিত প্রবাসীদের নিয়মিতকরণ এবং বাণিজ্য-শিল্পক্ষেত্রে সহযোগিতা বাড়াতে মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা। এসব তথ্য সভায় তুলে ধরেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
ভোরের আকাশ//হ.র