সংসদ ভবন পরিদর্শনে আসা নিজ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন পরিদর্শনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা।
এ সময় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির দেড় শতাধিক শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শনে আসে।
পরে সংসদ ভবনের শপথ কক্ষে তারা আসন গ্রহণ করে। এ সময় সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে তাদের একটি সংক্ষিপ্ত উপস্থাপনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ভাই আরাফাত রহমান কোকোও এই স্কুলের শিক্ষার্থী ছিল।
তিনি দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।’
পরে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তোলেন প্রধানমন্ত্রী।
ভোরের আকাশ/ র.ই