সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা দ্বিগুণ

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে ভাতার হার দ্বিগুণ করা হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষকদের সম্মানীও বৃদ্ধি পেয়েছে, যা সর্বোচ্চ ঘণ্টাপ্রতি ৩৬০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তৃতীয় গ্রেড বা যুগ্মসচিব এবং এর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতি ঘণ্টার প্রশিক্ষণ সেশনে ৩৬০০ টাকা সম্মানী পাবেন। পূর্বে এ হার ছিল ২৫০০ টাকা। চতুর্থ ও পঞ্চম গ্রেড বা উপসচিব এবং তার নিচের কর্মকর্তারা ঘণ্টাপ্রতি ৩০০০ টাকা সম্মানী পাবেন, যা আগে ছিল ২০০০ টাকা।
প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে গ্রেড-৯ এবং এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৈনিক প্রশিক্ষণ ভাতা ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে। গ্রেড-১০ এবং নিম্নপর্যায়ের কর্মচারীদের দৈনিক ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া কোর্স পরিচালকের দৈনিক সম্মানী ১৫০০ থেকে বাড়িয়ে ২০০০ টাকা, কোর্স সমন্বয়কের ভাতা ১২০০ থেকে ১৫০০ টাকা এবং সহায়ক কর্মীদের ভাতা ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে।
তবে এ ভাতা কেবল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের নিজস্ব কর্মচারীদের জন্য বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে প্রযোজ্য হবে। মাঠপর্যায়ের কর্মচারীদের সদরদপ্তর আয়োজিত প্রশিক্ষণ, প্রকল্পভিত্তিক প্রশিক্ষণ বা আংশিক দিনের প্রশিক্ষণে এ সুবিধা প্রযোজ্য হবে না।
নতুন হার প্রজ্ঞাপন জারির তারিখ থেকে কার্যকর হবে।
ভোরের আকাশ/হ.র