বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ: শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে। দেশের চিনিকলে জমে থাকা চিনি আগে বিক্রি করা হবে। তিনি বলেন, টিসিবির মাধ্যমে চিনি বিক্রি এরই মধ্যে শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিল্প উপদেষ্টা বলেন, শুধুমাত্র ভর্তুকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয়। এজন্য স্থানীয় ও বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। এরইমধ্যে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ চলছে এবং অল্প সময়ের মধ্যেই ইতিবাচক অগ্রগতি দেখা যাবে।
তিনি বলেন, টিসিবির মাধ্যমে চিনিগুলো বিক্রি করা হচ্ছে। চিনিকলগুলোতে লাভের মুখ দেখাতে হলে চিনি উৎপাদনের সাথে সাথে আরও অন্য কিছু উৎপাদন করতে হবে।
উত্তরা গণভবন নিয়ে উপদেষ্টা বলেন, আমাদের কাজ হলো উত্তরা গণভবনকে তৈরি রাখা। রেওয়াজ অনুযায়ী প্রতিটি সরকারের সময় এখানে একটি করে সভা হয়। উত্তরা গণভবনটি দীর্ঘ দিন অবহেলিত ছিল, আমরা এটাকে তৈরি করলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওহাব সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
ভোরের আকাশ/এসএইচ