হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি গঠন করে প্রজ্ঞাপন

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ-কে সভাপতি করে বাংলাদেশ সরকারের উদ্যোগে আসন্ন হজ মৌসুমকে আরও সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নবগঠিত কমিটিতে ধর্মমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্র, জনপ্রশাসন, অর্থসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট সংস্থার প্রধানদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই উচ্চপর্যায়ের কমিটি হজ সংক্রান্ত সার্বিক কর্মপরিকল্পনা প্রণয়ন, হজ প্যাকেজ অনুমোদন এবং জাতীয় কমিটির গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখবে। কমিটির সভাপতি হিসেবে ধর্মমন্ত্রী সব সভায় সভাপতিত্ব করবেন। তবে বিশেষ প্রয়োজনে তার মনোনীত কোনো সদস্যও সভা পরিচালনা করতে পারবেন।
এছাড়া প্রয়োজন অনুযায়ী নতুন সদস্য কো-অপ্ট করার ক্ষমতাও থাকবে কমিটির। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।
নতুন এই প্রজ্ঞাপন জারির ফলে ২০২৪ সালের ২ অক্টোবর গঠিত আগের কমিটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
ভোরের আকাশ/এনএস