ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে দুই সিটির ১৩ ওয়ার্ড

রাজধানীতে মৌসুম শুরু হওয়ার আগেই ডেঙ্গুর প্রভাব ক্রমেই বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রতি পরিচালিত জরিপে দেখা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১৩টি ওয়ার্ডে এডিস মশার লার্ভার ঘনত্ব ‘ব্রুটো ইনডেক্স’ নির্ধারিত সীমার চেয়ে বেশি। এই সূচক বিশ্লেষণে এসব এলাকা ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বলে চিহ্নিত হয়েছে।
বুধবার (১৮ জুন) বিকেলে রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত মৌসুম পূর্ব এডিস সার্ভে-২০২৫ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ঝুঁকিতে থাকা ওয়ার্ডগুলো হলো- ১২, ২, ৮, ৩৪, ১৩, ২২ নং ওয়ার্ড। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলো হলো- ৩১, ৪১, ৩, ৪৬, ৪৭, ৪, ২৩ নং ওয়ার্ড।
দুই সিটির ৯৯টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতে ব্রুটো ইনডেক্স ২০-এর বেশি। এর অর্থ হচ্ছে, এসব এলাকার ১০০টির মধ্যে ২০টির বেশি পাত্রে মশা বা লার্ভা পাওয়া গেছে। এই এলাকাগুলো ডেঙ্গুর বেশি ঝুঁকিতে রয়েছে।
সরকারি এই জরিপের ফলাফল মশার বিস্তার রোধে সক্রিয় প্রস্তুতির আহ্বান জানিয়ে সতর্কবার্তা হিসেবে গণ্য করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, আগাম সতর্কতা ও জনসচেতনতা ছাড়া ডেঙ্গুর প্রকোপ সামাল দেওয়া কঠিন হবে।
ভোরের আকাশ/এসএইচ