রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য
এপ্রিলে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪

এপ্রিল মাসে সারাদেশে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত ও ৭০৯ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫৩ জন নারী ও ৪৮ শিশু রয়েছে। সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়েছে মোটরসাইকেল।
বুধবার (৬ মে) রোড সেফটি ফাউন্ডেশন দুর্ঘটনার এই তথ্য প্রকাশ করে।
এই সময়ে দেশে নৌ দুর্ঘটনা ঘটেছে সাতটি। এতে চারজনের মৃত্যু ও ১১ জন আহত হয়েছেন। রেল পথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু ও ১৭ জন আহত হয়েছেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নয়টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
সবচেয়ে বেশি ১৯৩টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। শতকরা হিসাবে মোট দুর্ঘটনার ৪১ দশমিক ৬৮ শতাংশ।
অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে সকালে। শতকরা হিসাবে ২৮ দশমিক ৫০ শতাংশ।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১০৯টি দুর্ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ১২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন।
ভোরের আকাশ/আ.র