নারী শিক্ষা ও ক্ষমতায়নে সরকারের উদ্যোগ তুলে ধরলেন ভারপ্রাপ্ত স্পিকার

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের শক্ত ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার সমতাভিত্তিক সুশাসন ও কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠায় বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ বাস্তবায়ন করছে, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
রোববার জাতীয় সংসদ ভবনে জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয় (ইউএনওপিএস) বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন, সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
এ সময় প্রতিনিধিদল আগামী ৮ আগস্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিতব্য ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’-এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করে।
ভারপ্রাপ্ত স্পিকার আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানান এবং এ আমন্ত্রণের জন্য ইউএনওপিএস প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভোরের আকাশ/জেআ